• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

চাইনিজ তাইপের বিপক্ষে হার বাংলাদেশের

প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪ ১০:২৪
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪ ১০:২৪

9555523

চাইনিজ তাইপের বিপক্ষে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে ১-০ গোলে হেরেছে মেয়েরা। এর আগের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরে ব্যবধান বুঝেছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় প্রীতি ম্যাচে হারলেও কমেছে হারের ব্যবধান। র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলটির কাছে সোমবার (৩ জুন) বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-০ গোলে হেরেছে মেয়েরা।’

প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ৩ গোল হজম করেছিল। তবে আজ ম্যাচের শুরু থেকে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে একটি গোল হজম করলেও পুরো ম্যাচ জুড়েই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে স্বাগতিক দল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তাইপের অর্ধেই বেশি সময় বল ছিল। বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করেও ম্যাচে সমতা আনতে পারেনি।

নারী ফুটবল দল নতুন বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলছে। প্রথম ম্যাচে তিনি রক্ষণভাগে একটু পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। আজ অবশ্য চার জন ডিফেন্ডার সিস্টেমেই ফিরে গেছেন। এতে বাংলাদেশের রক্ষণ বেশ মজবুতই হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশ সাবিনা খাতুনকে ছাড়া শুরুতে মাঠে নামে। তার প্রভাব অবশ্য মাঠে খুব একটা পড়তে দেখা যায়নি। বিশেষত মিডফিল্ডার মনিকা চাকমা অসাধারণ খেলেছেন। তার পাসিং, শট সবই ছিল দুর্দান্ত।

তহুরা খাতুনের পরিবর্তে সাবিনা খাতুনকে কোচ ম্যাচের শেষ পনের মিনিট খেলিয়েছেন। সাবিনা নেমে টানা কয়েকটি কর্নার নিয়েছেন। সেই কর্ণারগুলো গোল হওয়ার মতোই ছিল। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তাইপের বক্সের সামনে আনাগোণা করলেও অন টার্গেট শট সেভাবে নিতে পারেনি। সাবিনাকে নামালেও আরেক তারকা খেলোয়াড় সানজিদা আক্তারকে আজ নামাননি কোচ।

অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের আগে নতুন কোচ দলকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ওপর রয়েছেন। তাই আজ একাদশে চার পরিবর্তন করেছেন। আগের ম্যাচের চেয়ে কৌশলে খানিকটা ভিন্নতা এনেছেন। প্রথম ম্যাচের তুলনায় আজ বাংলাদেশ ঢের ভালো খেলেছে। প্রথম ম্যাচে রক্ষণ দুর্বলতা ছিল প্রকট আজ তেমন কোনো অসঙ্গতি ধরা পড়েনি। উল্টো একশ ধাপ এগিয়ে থাকা তাইপেকে কিছু ক্ষেত্রে ম্রিয়মাণ মনে হয়েছে বাংলাদেশের সামনে।

ম্যাচের ১১ মিনিটে তাইপের লিন হুই বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমার পাশ দিয়ে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। ছয় মিনিট পর লিড নেয় সফরকারী দলটি। বক্সের ভেতরে লিনের কাটব্যাক থেকে সু ইউ হুসুয়ান গোল করেন। প্রথম ম্যাচে গোল হজম করে বাংলাদেশ ভড়কে গেলেও আজ সেটি হয়নি। নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে। ফলে শেষ পর্যন্ত স্কোরলাইন ১-০ তে সীমাবদ্ধ ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com