• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একজন ব্যক্তি আক্রোশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে: রিজভী

প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪ ১২:১২
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪ ১২:১২

একজন ব্যক্তি আক্রোশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক

জনগণের আকুলতা উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, প্রতিহিংসা, আক্রোশ বাস্তবায়ন করার জন্য গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোহেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে দখলদার সরকার আওয়ামী ফ্যাসিজমের সমস্ত উপকরণ দিয়ে ক্ষমতা আঁকড়ে রেখে নিঃশেষ করে দেয়া, মুছে দেয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে ব্যস্ত রয়েছে। সে কারনে দেশবিরোধী একের পর এক চুক্তি, কর্মকাণ্ড করে যাচ্ছেন তারা।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে রিজভী বলেন, ‘আমরা পবিত্র ঈদ উল আযহার রাতে যখন খালেদা জিয়ার সাথে দেখা করি, অনেক অসুস্থ ছিলেন তিনি, স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না, চেয়ারে বসে ছিলেন, কিন্তু ভালো লাগার বিষয় এই যে তিনি কথা বলতে পারছেন, সবাইকে চিনতে পারছেন।

দুই তিন দিন যেতে না যেতেই গতকাল রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি এখনো রয়েছেন, তার শারীরিক অবস্থা চিকিৎসকরা ভালো বলতে পারবেন। আমাদের মনে হয়েছে তিনি যথেষ্ট কষ্টে রয়েছেন। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যে নেত্রীকে আমরা ঈদের দিন দেখে আসলাম, এই দুই দিনে এতটা অসুস্থ হয়ে পড়বেন, এটা আমাদের চিন্তার বিষয়।

তিনি বলেন, ‘প্রতিদিন প্রতিক্ষণ এই সরকারের অপেক্ষা, এই জাতীয়তাবাদের নেত্রী কখন দুনিয়া ছেড়ে চলে যান, এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। গণতন্ত্র, স্বাধীনতার জন্য লড়াই, এবং যার স্বামী এদেশের স্বাধীনতার ঘোষক, অনন্য সাহসী মুক্তিযোদ্ধা; তার সহধর্মিনী আজকে ধুঁকে ধুঁকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘যদি সত্যিকারের আইনের শাসন থাকতো, আইন তার নিজস্ব ভাষায় নিজস্ব গতিতে চলত, তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন, আদালত তাদের প্রকাশ্যে, দিবালোকে বিচার করতো। তারা টাকা পাচারকারী, জনগণের সম্পদ লুটকারী, গরিবের জমিজায়গা কেড়ে নেয়, ভারতের সিন্ডিকেটবাজদের প্রতিনিধি। এদের মন্ত্রী, এমপি, ঘনিষ্ঠজনরা ভোটারদের হুমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে দেয়নি।

রিজভী বলেন, ‘চোর, ডাকাত নিয়ে পরিবৃত্ত এই আওয়ামী সরকার জনগণের পক্ষের, গণতান্ত্রিক অধিকারের চ্যাম্পিয়ন নেত্রী, যিনি এরশাদ, শেখ হাসিনার অবৈধ কর্মকাণ্ডের সাথে আপোষ করেন নি, তার দৃঢ়তা, গণতন্ত্রের প্রতি আকুলতা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকার, সেটা আমরা সবসময়, এমনকি আজও দেখি। আজও আমাদের সমাজের, মিছিলের, কণ্ঠের উচ্চারণের প্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার সুস্থতা কামনা করছি।

এসময় তিনি কর্মসূচি ঘোষণা করে আরও বলেন, ‘আগামীকাল রবিবার ঢাকাসহ সারা দেশের জেলা শহরে সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পল্টনে সকাল সাড়ে এগারোটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com