জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে নির্মিত ‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনীর উদ্বোধন করেছেন।
সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের ১ম লেভেলে স্থাপিত ‘মুজিব ও স্বাধীনতা’ পরিদর্শন করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। স্পিকার ‘মুজিব ও স্বাধীনতা’-তে প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেড়ে ওঠা, ছাত্রজীবন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, স্বাধীনতার ডাক, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা নিয়ে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী রয়েছে ‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনীতে।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং ‘মুজিব ও স্বাধীনতা’ প্রদর্শনীর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ স্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল, হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এবং হুইপ সানজিদা খানম উপস্থিত ছিলেন। পরবর্তী সময় মন্ত্রিপরিষদ সদস্যসহ জাতীয় সংসদ সদস্যরা ‘মুজিব ও স্বাধীনতা’ পরিদর্শন করেন।
জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।













