• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ২:২২
আপডেট: বুধবার, ১০ জুলাই, ২০২৪ ২:২২

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে সংস্কারের দাবিতে দিনব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে দিনব্যাপী অবরোধের জন্য অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এসময় বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীদেরকে “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই”, “কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক”, “মেধাবীদের কান্না আর না আর না”, “মেধা নাকি কোটা, মেধা মেধা” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজ আপিল বিভাগের শুনানিতে শিক্ষার্থীদের পক্ষে রায় না আসলে কঠোর আন্দোলনে যাবেন তারা। এক পর্যায়ে তারা পুরো বাংলাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিতে দেখা গেছে।