• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১:৩৯
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১:৩৯

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফবিআই)।

শনিবার (১৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স ২০ বছর। সন্দেহভাজন ওই হামলাকারী এরই মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এফবিআই জানায়, ট্রাম্পের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে মাত্র ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদে ছিলেন ওই তরুণ। ঘটনার পর সেখানেই তাকে গুলি করে হত্যা করেন নিরাপত্তা কর্মীরা।

তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় ট্রাম্পকে। সেখানে চিকিৎসার পর এরই মধ্যে তাকে ছেড়ে দেয়া হয়েছে। দুটি সূত্র হাসপাতাল থেকে ট্রাম্পকে ছেড়ে দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা ঘটে। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ও সমাবেশে উপস্থিত একজন ট্রাম্প সমর্থক নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।