জনতার আওয়াজ ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সকলের অংশগ্রহণমূলক অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি চায় পরবর্তী সময়ে বাংলাদেশে সরকার গঠনের ক্ষেত্রে এই ধারা অব্যাহত থাকুক।
শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে এই মন্তব্য করেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের সহযোগি মুখপাত্র ফ্লােরেনসিয়া সটো নিনো।
ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, “শেখ হাসিনার পতনের পর গতকাল বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সে বিষয়টিকে জাতিসংঘ মহাসচিব কীভাবে দেখছেন?”
জবাবে মুখপাত্র ফ্লােরেনসিয়া বলেন, “আসলে বিষয়টিতে আমার নতুন করে বলার মতো কিছু নেই। আমি যেটা বলতে চাই সেটা হলো, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে যে সরকার গঠন করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা চাই সরকার গঠনের এরকম ধারা অব্যাহত থাকুক। দেশটিতে সহিংসতা হ্রাস এবং সবাইকে আরও সংযত হবার যেকোনো অগ্রগতিকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এর বেশী আমার কিছু বলার নেই।”

