জনতার আওয়াজ ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ছাত্র-জনতার তোপের মুখে গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। এরপর অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন বিকেলে অনুষ্ঠেয় অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীসভার বৈঠকে গভর্নর পদের বয়সজনিত শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে।
বিদ্যমান আইন অনুসারে, ৬৭ বছরের বেশি বয়সী কারোর গভর্নর হওয়ার সুযোগ নেই। বয়সজনিত শর্ত শিথিলের পর গভর্নর পদে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ সূত্র।
ড. আহসান এইচ মনসুর বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব আছেন।
ড. মনসুর বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী। তিনি ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আর ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।
ড. মনসুর ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন।
তিনি ১৯৮৯ সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা নিযুক্ত হন এবং ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। এর জেরে গত ৯ আগস্ট পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার।













