সাতক্ষীরা প্রতিনিধি
আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ ও স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় শহরের নারিকেল তলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো ও জেলা কৃষক দলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন।
এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আমাদের এ বিজয়। কারো দালালি আর মেনে নেওয়া হবে না। ছাত্র সমাজ কোনও অন্যায় মেনে নেবে না। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এই ধরনের বক্তব্যের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, অবিলম্বে শেখ হাসিনার সকল অপকর্মের বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
এর আগে, সোমবার সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর থেকে সাতক্ষীরাসহ সারাদেশে প্রতিবাদ শুরু করেছে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দল।

