• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাংবাদিক রবিনকে মামলায় জড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ৮:৪৪
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ৮:৪৪

সাংবাদিক রবিনকে মামলায় জড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।
সোমবার (১৯ আগষ্ট) বিকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় নিন্দা ও ক্ষোভ জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’র নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রবিবার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ি নিহত হওয়ার ঘটনায় রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। আমরা এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।
আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজসে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় জড়ানো হয়েছে। আমরা পরিস্কারভাবে বলতে চাই, যিনি উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানী করার জন্য হত্যা মামলায় সাংবাদিক রবিনকে জড়িয়েছেন অবিলম্বে ওই মামলা থেকে তার নাম প্রত্যাহার করাবেন। অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ প্রেসক্লাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবর এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেয়া হবে। এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে জেলার সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।