জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পূর্নবাসন করবো। তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে যারা পঙ্গু হয়েছেন তাদের তালিকার কাজ আমরা শুরু করেছি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
ডা. রফিক বলেন, ইতিমধ্যে তারেক রহমানের নির্দেশে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল, চক্ষু বিজ্ঞান হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন স্থানে গিয়েছি এবং আর্থিক সহযোগিতা করেছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

