• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১৭ বছর পর আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচল

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:৪২
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:৪২

১৭ বছর পর আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচল

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের সময়ে জব্দ করে রাখা এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে এ-সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, সরকারি রাজস্বসংক্রান্ত স্বার্থ সংরক্ষণের জন্য ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭ (৪) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আবদুল আউয়াল মিন্টু, নাসরিন ফাতেমা আউয়াল ও তাবিথ আউয়ালের একক ও যৌথ নামে সব সক্রিয় ও সুপ্ত ব্যাংক হিসাব (চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত হিসাব, লোন হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ভল্ট, লকার, সঞ্চয়পত্র ও অন্যান্য সেভিংস ইনস্ট্রুমেন্টসহ সব ধরনের হিসাব) থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছিল। এখন এই আদেশ প্রত্যাহার করা হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ আগস্ট আবদুল আউয়াল মিন্টু, তার স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

আবদুল আউয়াল মিন্টু বিএনপির ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদেও আছেন। তার ছেলে তাবিথ আউয়াল বিএনপিসমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন।

গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সব ধরনের ব্যাংক হিসাবও ১৭ বছর পর খুলে দেওয়া হয়। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। ওইসব হিসাব থেকে তখন প্রতি মাসে নামমাত্র কিছু টাকা তুলতে পারতেন খালেদা জিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com