জনতার আওয়াজ ডেস্ক
পুলিশে দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
রবিবার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে।
শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এর আগে, উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার দেয়।

