জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
জানা গেছে, চট্টগ্রামের একটি ডিপো থেকে এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী বিএনপির আহ্বায়ক এস এম মামুনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠে।
তবে অভিযোগ অস্বীকার করে শনিবার তারা সংবাদ সম্মেলন করেছিলেন। এরপর তাদেরকে কেন্দ্র থেকে শোকজ করা হয়।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, এই ঘটনার জের ধরেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।


