• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০২
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০২

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাশ নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নির্মম ওই হত্যাকাণ্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক প্রতিবাদপত্রে এসব কথা বলা হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক।

এ ধরনের পদক্ষেপ দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা, ১৯৭৫ সালের বিধানের লঙ্ঘন, তা বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধে এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে স্বর্ণা দাশ প্রাণ হারান। ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলেও ২ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়।