• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৪
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৪

বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ হাইকোর্টের

জনতার আওয়াজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের সাক্ষরের পর এ আদেশ প্রকাশিত হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।