• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমরা ইলিশ রফতানির বিপক্ষে: মৎস্য উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৬
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৬

আমরা ইলিশ রফতানির বিপক্ষে: মৎস্য উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ভারতে ইলিশ মাছ রফতানি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, তার মন্ত্রণালয় দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রফতানির বিপক্ষে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ফরিদা আখতার বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। আমরা না। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। আমরা ইলিশ রফতানির বিপক্ষে।’

রফতানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না উল্লখে করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘দাম বেড়ে যাবে, এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেব।’

পূজার সঙ্গে ইলিশ সম্পর্কিত না বলেও এ সময় মন্তব্য করেন ফরিদা আখতার। তিনি জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে।

দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয় ইলিশ মাছ। তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ১১ আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ইলিশ রফতানি বন্ধ করা হবে কি না, প্রশ্ন করলে ওইদিন তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে সেটা হতে পারে না।

এ নিয়ে আলোচনার মধ্যেই গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হয়।