• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শেখ হাসিনার অবস্থান জানে না সরকার

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৩:২০
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ৩:২০

শেখ হাসিনার অবস্থান জানে না সরকার

জনতার আওয়াজ ডেস্ক
গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন উঠেছিলো, শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে অবস্থান করছেন। এমন গুঞ্জনের মাঝেই এবার তার অবস্থান নিয়ে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার। তবে ভারত ছেড়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই।

ইতালি ভিসাপ্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেয়া হবে।

লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা সরে যায়। আমরা আইওএমকে অনুরোধ করেছি তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারে।