জনতার আওয়াজ ডেস্ক
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত। জেলার সরাইল উপজেলার অটোরিকশাচালক লিটন মিয়া হত্যা মামলায় সোমবার (৭ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বাগত সৌম্য রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রহমান খান পাঠান জানান, রবিবার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে ডিবি পুলিশ আটক করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।
আটকের পর তাকে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আট দিনের মঞ্জুর হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলেট হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন উপজেলার কাটানিসার গ্রামের লিটন মিয়া নামের অটোরিকশাচালক।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর অটোরিকশাচালক লিটন হত্যার অভিযোগে সরাইলের রসুলপুর গ্রামের সুলতান উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান চট্টগ্রাম-২ আসনের সাবেক এমপি নজিবুল বশর মাইজভাণ্ডারী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলায় আসামি করা হয়েছে।

