• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৯:৪২
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৯:৪২

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে, কমাতে আরও সময় লাগবে। আজ চিনির ওপরও শুল্ক কমানো হবে। অধৈর্য হবার কারণ নেই। মূল্যস্ফীতি যেমন একদিনে বাড়েনি, কমতেও সময় লাগবে।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।

বাজারে কতো দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করেন না মূল্যস্ফীতি বেড়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন, পণ্য বিপণন… উৎপাদন করলেও সেটা বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে।

আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কমেনি, তা নয়। চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন হাত বদল হওয়াটা এই মুহূর্তে কমেছে তা নয়।

ডিমের দাম কতো দিনের মধ্যে কমতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের কোন জবাব দেননি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।