• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পূজামণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : তথ্য উপদেষ্টা নাহিদ

প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ২:৫০
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ২:৫০

পূজামণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : তথ্য উপদেষ্টা নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। হামলায় আহত ব্যক্তিদের দেখতে শুক্রবার গভীর রাতে মিটফোর্ড হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে, কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেবো না। দুষ্কৃতিকারী যেই হোক, শাস্তির ব্যবস্থা করা হবে।’

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত ও এর খরচ সরকার বহন করবে বলেও ঘোষণা দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটি নিদর্শন স্থাপন করতে চাই, যেন এই ধরনের ঘটনা ঘটানোর সাহস ভবিষ্যতে আর কেউ না পায়।’

পরে তাঁতীবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপের পেছনে তিনজন এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে ধরে ফেলার সময় তারা ৪ জনকে ছুরিকাঘাত করে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রল সদৃশ বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তাদের আটক করে পুলিশ।