• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৮:২০
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ৮:২০

পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। যে পাকিস্তানকে দু’বছর আগে ছয় গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তাদের বিপক্ষে আজকে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে টাইগ্রেসরা।

দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপট দেখায়। একের পর এক আক্রমণ গড়লেও গোল আসেনি। ১৮ মিনিটে শিউলী আজিমের দূরপাল্লার শট গোলকিপার ঠিকমতো হাতে জমাতে পারেননি। পরে বল ক্লিয়ার হয়। দুই মিনিট পর শামসুন্নাহারের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

২৫ মিনিটে ঋতুপর্নার জোরালো শট গোলকিপারের তালুতে। পরের মিনিটে পাকিস্তানের একজনের শট একটুর জন্য লক্ষ্যভেদ হয়নি। ৩১ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। মধ্যমাঠ থেকে রামিন ফারিদের লং পাস থেকে বাঁ প্রান্তে সামিনা মালিক রিসিভ করার আগেই শিউলী টোকা দিয়ে গোলকিপারকে বল দিতে গিয়ে ব্যর্থ হন।

শিউলির সঙ্গে লেগে থাকা সামিনা চকিতে বল পেয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপার রুপনা চাকমার পাশ দিয়ে নিপুণ শটে জাল কাঁপান। ৪৩ মিনিটে ঋতুপর্নার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে বাটলারের দলকে হতাশ হতে হয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আগের মতো দাপট অব্যাহত রাখে। এক পর্যায়ে সাবিনার জায়গায় কৃষ্ণা রানী নামেন। তাতে আক্রমণে ধার বাড়ে। তবে আগের মতো আক্রমণে গিয়েও গোল আসছিল না। তিন পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল। তবে যোগ করা সময়ের গোলে এক পয়েন্ট নিশ্চিত করলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। বাঁ দিক থেকে প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ঋতুপর্নার মাপা ক্রসে শামসুন্নাহার জুনিয়র আলতো হেডে গোলকিপারকে পরাস্ত করেন।

এই ড্রতে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে থাকলো। পরের ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচ থেকে পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত হবে সাবিনাদের।