• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবস : বিএনপির ঐতিহাসিক র‌্যালি শুরু

প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ৫:২৯
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ৫:২৯

বিপ্লব ও সংহতি দিবস : বিএনপির ঐতিহাসিক র‌্যালি শুরু

জনতার আওয়াজ ডেস্ক
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির ঐতিহাসিক র‌্যালি শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।

নয়াপল্টন থেকে র‌্যালিটি শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ মোড়, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। বিএনপির নেতারা বলেছেন, এই র‌্যালিটি হবে দেশের ইতিহাসে স্মরণীয়। বার্তা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে। র‌্যালিতে ১০ লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

কর্মসূচিতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা এসেছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর অবস্থানের কারণে পল্টন, মালিবাগ, মতিঝিল, শাহবাগ এলাকায় ইতোমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে।

জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে র‌্যালি শুরু হয়। র‌্যালিতে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও শীর্ষনেতারা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে র‌্যালিতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।