জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা তাদের কোন শাস্তি দেই নি, ওদের শাস্তি আল্লাহ তরফ থেকে এসেছে। সুতরাং আমাদের দায়িত্ব হল এই লুটেরা মাফিয়া দল যাতে আর বাংলাদেশে ফেরত না আসতে পারে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা যারা বিএনপি করি আমাদের মূল দায়িত্ব হলো দলের বদনাম হয় এরকম কোন কাজ করবেন না। এটা যদি করেন তাহলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে। এটা সবাই মনে রাখবেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি চাই বাংলাদেশের খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, আমরা দেশটা একবার স্বাধীন করে দিয়েছি, আল্লাহর রহমতে দ্বিতীয়বার দেশটা আবার স্বাধীন হয়েছে।
তিনি বলেন, আমরা চাই এদেশের প্রতিটা মানুষ নির্ভয়ে রাজপথে চলুক। যাকে ইচ্ছে তাকে ভোট দিক, বিএনপিকে দিতে হবে এরকম কোন কথা নেই।
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ রয়েছেন। কেন নারাজ, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ এখন নির্বাচনে আয়োজন করলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। এটা কি আমাদের দোষ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তাহলে আপনাদের কিসের ক্ষতি? কেন লম্বা করতেছেন? কেন এক বছর, দুই বছর, তিন বছর করতেছেন? এগুলো করবেন না। জনগণের উপর আস্থা রাখেন। এ দেশের জন্য কোন সব সময় সঠিক বিচার করবে; বিএনপির দোষ থাকলে তারাই বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে যাবেন না।
ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হককে সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. মাহাদী আমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন – উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, রিয়াজ, তৌহিদুজ্জামান তুহিন, আব্বাস উদ্দিন, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

