• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

২৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করবেন ড. ইউনূস

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ২:১২
আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ২:১২

২৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করবেন ড. ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আগামী বুধবার (১লা জানুয়ারি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ শুরু হচ্ছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি’র যৌথ উদ্যোগে আগামী ১লা জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।

মেলা প্রাঙ্গণে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। ব্যবসায়ীরা বলছেন, এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। ভেতরের কাজ শেষে প্যাভিলিয়ন বা স্টল সাজানো হচ্ছে।
দেশি-বিদেশি মিলে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে ৩২৭টি। বাংলাদেশ বাদে সাতটি ভিন্ন দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের আসরে। ২০২৫ সালের বাণিজ্যমেলায় যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হচ্ছে শহীদ মুগ্ধ ও আবু সাঈদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন।

তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোর মূল্য বা ভাড়া। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকিট মূল্য অর্ধেক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহমুদুল হাসান বলেন, এ বছর পুরো বরাদ্দ প্রক্রিয়া হয়েছে অনলাইনে। তবে গত বছরের মতো একই ফ্লোর মূল্য বা ভাড়া রাখা হয়েছে এবারো। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রত্যাশা নতুনত্বের ছোঁয়ায় এ বছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্যমেলা। মাহমুদুল হাসান আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণভাবে মেলার সার্বিক কার্যক্রম সাজানো হয়েছে। প্রথমবারের মতো এবার বাণিজ্যমেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তিভিত্তিক শিশুপার্ক। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি’র যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্যমেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিসিএফসিতে আয়োজন করা হয়।