• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

ম্যাজিস্ট্রেট উর্মির জামিন, অভিযোগ গঠন পেছাল

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ২:২৪
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ২:২৪

ম্যাজিস্ট্রেট উর্মির জামিন, অভিযোগ গঠন পেছাল

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সঙ্গে এ মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন সকালে তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত এ সময় আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ ৪ ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেন।

গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।