জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তার সঙ্গে আরও ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।
তারা সকাল সোয়া ১০টার দিকে ঢামেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ৬ষ্ঠ তলার ৬১৭ নং ওয়ার্ডে আহতদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন। পরে পৌনে ১১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন। ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান খান।

