জনতার আওয়াজ ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডের দিনে ওই পরীক্ষা পড়ায় সমালোচনার মুখে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে এসএসসি পরীক্ষার নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, এ পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল পরীক্ষাটি হওয়ার কথা ছিল।
রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮মে। ১০মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

