• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুর্ঘটনার তিনদিন পর না ফেরার দেশে প্রেমা, মৃত বেড়ে ১১

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ২:৫৯
আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ২:৫৯

দুর্ঘটনার তিনদিন পর না ফেরার দেশে প্রেমা, মৃত বেড়ে ১১

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ দুর্ঘটনার তিন দিনের মাথায় এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কলেজ শিক্ষার্থী তাসনিয়া ইসলাম প্রেমা।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। এ নিয়ে লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে গত বুধবার সকাল ৭টার দিকে দুই দম্পতিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার মিরপুরের রফিকুল ইসলাম শামীম ও লুৎফুন নাহার সুমি দম্পতি ও তাদের দুই মেয়ে আনীসা আক্তার (১৪) ও লিয়ানা (৮) এবং শামীমের ভাগনি তানিফা ইয়াসমিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় শামীম-সুমি দম্পত্তির বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)।

এ ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশু আরাধ্য বিশ্বাস (৬) ও তার মামাতো ভাই দুর্জয় কুমার বিশ্বাস (১৮)। আরাধ্যর বাবা দিলীপ বিশ্বাস আর মা সাধনা রাণীও চলে গেছেন পরপারে। গত বুধবার প্রেমাকে ও গত বৃহস্পতিবার আরাধ্যকে ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।