বিনোদন ডেস্ক
অল্প সময়ে চলচ্চিত্র ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম লিখিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউড থেকে দক্ষিণী বিনোদন ভুবন দুই জায়গায়ই কাজ করে যাচ্ছেন এ তারকা। আজ ২৮ পেরিয়ে ২৯ বছরে পা রেখেছেন রাশমিকা। জন্মদিন উপলক্ষ্যে আগেই ওমানের সালালাহ শহরে ছুটি কাটাতে গিয়েছেন তিনি, সেখান থেকেই কিছু আনন্দময় মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
৪ এপ্রিল প্রকাশিত সেই ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লিখেছেন, ‘ভালো খাবার, প্রায় ফেটে যাবে এমন খুশি পেট। কিন্তু রেগে আছে আমার ট্রেইনার জুনাইদ শেখ ও সাগর। আমি এটা কোথাও পড়েছিলাম। সালালাহ – সূর্য, বালু আর হাসির দেশ। কত সুন্দর শোনায় না!’
ছবিতে তাকে বেশ আনন্দিত ও প্রাণবন্ত দেখা গেছে। এক ঝলকে যেন ধরা দিয়েছে তার জন্মদিনের ঠিক আগের মুহূর্তগুলো। তবে এই পোস্টের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। মন্তব্য ঘরে ভেসে উঠছে একটাই প্রশ্ন, বিজয় দেবেরাকোন্ডা কোথায়?
কিছুদিন আগেই আলাদা দিনে এয়ারপোর্টে দেখা গিয়েছিল রাশমিকা ও বিজয়কে। দুজনই আলাদা ফ্লাইটে রওনা দেন। কিন্তু ভক্তরা মনে করছেন, তারা একসঙ্গেই রাশমিকার জন্মদিন উদযাপন করতে গেছেন সালালাহতে। যদিও এখনও তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি দুজনের কেউই, তবে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। অভিনয়জীবনের দিক থেকে রাশমিকা বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন।
সবশেষ রাশমিকাকে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় দেখা যায়। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরের ৩০ মার্চ। ইতোমধ্যে ‘কুবেরা’ নামের একটি সিনেমায় কাজ করতে চলেছেন এই সুন্দরী।
এই সামাজিক থ্রিলারে তিনি অভিনয় করবেন ধানুষ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে। সিনেমাটি পরিচালনা করছেন শেখর কাম্মুলা। চলতি বছরের ২০ জুন এই ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, রাশমিকা মান্দানার জন্ম ১৯৯৬ সালের ৫ এপ্রিল কর্নাটকের কোডাগু জেলার বিরাজপেটে একটি কোডাভা হিন্দু পরিবারে। তার বাবার নিজের শহরে একটি কফি এস্টেট ও একটি অনুষ্ঠান হল রয়েছে এবং তার মা একজন গৃহিণী। এছাড়া শিমন নামে তার একটা ছোট বোন রয়েছে, যাকে তিনি মাতৃত্বের মতো অনুভব করেছিলেন।

