• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১:১২
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১:১২

মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল বলেন, নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াক্‌ফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারীত্বের বিধান করেছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই আইন ব্যবহার করে ভারত সরকার মুসলমানদের ঐতিহাসিক সম্পত্তি, বিশেষ করে পুরোনো মসজিদগুলো বাজেয়াপ্ত করতে পারে।

আইন উপদেষ্টা বলেন, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানে উঠেছে যে, ওয়াক্‌ফ বোর্ডে তাহলে অমুসলিমদের রাখা হবে কেন?

আসিফ নজরুলের মতে, এই আইন ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।’

ভারতে ওয়াক্‌ফ বোর্ডগুলোর অধীন প্রায় ৮ লাখ ৭২ হাজারটি সম্পত্তি আছে। এগুলোর মোট আয়তন প্রায় ১০ লাখ একর। এসবের মোট মূল্য প্রায় ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। এসব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছর পুরোনো। অধিকাংশই ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে।

সম্প্রতি ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের বিতর্কিত বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকারের উত্থাপিত এই বিলের বিরোধিতা করেছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো।