জনতার আওয়াজ ডেস্ক
নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। গতকাল শনিবার বাংলাতেও পালিত হচ্ছে অন্নপূর্ণা পূজা। চলছে গাজনের প্রস্তুতি। মুম্বাইয়ে নবরাত্রির অষ্টমী তিথিটি বিশেষভাবে পালন করলেন কিয়ারা। সামাজিক মাধ্যমে নিজের খাওয়াদাওয়ার ছবি শেয়ার করে তিনি জানালেন ভালোবাসার কথা।
গত মাসেই সামাজিকমাধ্যমে এক পোস্টে এ অভিনেত্রী জানিয়েছেন, শীগ্রই মা হতে চলেছেন তিনি। সে সময় কিয়ারার শেয়ার করা ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতে একজোড়া সাদা মোজা রয়েছে। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘খুব দ্রুতই আসছে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।’
অন্তঃসত্ত্বা কিয়ারা এ মুহূর্তে নিশ্চয়ই রয়েছেন বিশেষ যত্নে। খুব কম ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। তবে মাঝে মাঝে তারকা দম্পতিকে দেখাও যাচ্ছে এদিক-সেদিক। সম্প্রতি তাদের দেখা গেছে মুম্বাইয়ে। মনে করা হচ্ছে, সন্তান আগমনের আগেই নতুন বাসস্থানের খোঁজ করছেন তারা।
এরই মধ্যে অভিনেত্রী নেটিজেনদের মাঝে শেয়ার করে নিলেন তার খাবারের ছবি। সেখানে দেখা যাচ্ছে দুটি লুচি, একটু ছোলা ও বাদাম দেওয়া এক বাটি হালুয়া। আসলে নিজের বাড়িতেই নবরাত্রির প্রসাদ গ্রহণ করছেন হবু মা। ইনস্টাগ্রাম স্টোরিতে এ ছবি শেয়ার করেছেন কিয়ারা আদভানি, সঙ্গে হাতজোড় করা একটি ইমোজির সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। জাকজমকপূর্ণ বিয়ে হয়েছিল তাদের। রাজস্থানের জয়সালমিরের প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর।

