• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

বর্ণাঢ্য আয়োজনে সরকারি বাঙলা কলেজে নববর্ষ উদযাপন

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:৫৪
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:৫৪

বর্ণাঢ্য আয়োজনে সরকারি বাঙলা কলেজে নববর্ষ উদযাপন

বাঙলা কলেজ প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সকালে ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশগ্রহণকারীরা রঙিন পোশাক পরে বিভিন্ন পোস্টার, মুখোশ ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্যভাবে কলেজ চত্বর প্রদক্ষিণ করেন। পরে কলেজ বটমূল চত্বর এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।

এছাড়া কলেজের বিভিন্ন বিভাগ থেকে ছিল নানা ঐতিহ্যবাহী আয়োজন। এসব আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ। এছাড়াও সকলের জন্য বাঙালির ঐতিহ্যবাহী মুড়ি, বাতাসা ও গজা সহ নানা খাবার এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান তিনি বলেন, নববর্ষ আমাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চর্চা ও মূল্যবোধ জাগ্রত হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী সহ সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

দিনব্যাপী এ আয়োজন উপভোগ করেন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ ও বাঙালিয়ানা পরিবেশ।