• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্থানীয় গুজব মোকাবিলায় জেলা তথ্য অফিসগুলোকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:০০
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:০০

স্থানীয় গুজব মোকাবিলায় জেলা তথ্য অফিসগুলোকে কাজ করতে হবে: তথ্য উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসগুলোকে কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার (২২শে এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদফতরের উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন, স্থানীয় সাংবাদিক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জেলা তথ্য কর্মকর্তাদের প্রচার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ-কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্য সংরক্ষণ ও প্রচারে তথ্য কমপ্লেক্স কার্যকর ভূমিকা পালন করবে।

মাহফুজ আলম বলেন, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টিতে তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তথ্য কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে জেলা তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনায় গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক বলেন, গণযোগাযোগ অধিদফতরের অধীন জেলা তথ্য অফিসগুলো জনগুরুত্বপূর্ণ বার্তা প্রচারে কার্যকর ভূমিকা পালন করছে। তিনি প্রচার কার্যক্রমের মানোন্নয়নে ডিজিটাল ডিসপ্লে-সংবলিত সিনেমাভ্যান সরবরাহের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বিভাগীয় তথ্য অফিস ও উপজেলা তথ্য অফিস স্থাপনের প্রস্তাব করেন।

সভায় প্রচার কার্যক্রমের মানোন্নয়ন ও রূপরেখা প্রণয়ন, জেলা পর্যায়ে গুজব ও অপতথ্য প্রতিরোধ, প্রচারকৌশলের আধুনিকায়ন এবং গণযোগাযোগ অধিদফতরের সক্ষমতা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা হয়।

প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মোহা. আবেদ নোমানী, সাবেক সচিব সৈয়দ সুজা উদ্দিন আহমেদ, গণযোগাযোগ অধিদফতরের সাবেক মহাপরিচালক মো. আব্দুল মান্নান, সাবেক অতিরিক্ত সচিব আবু আব্দুল্লাহসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা আলোচনায় মতামত দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com