• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কাতারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা, তারেক রহমানের শিগগিরই ফেরার আশাবাদ

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৮:২৮
আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৮:২৮

কাতারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা, তারেক রহমানের শিগগিরই ফেরার আশাবাদ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চার মাস পর উন্নত চিকিৎসা শেষে পুত্রবধূ ডা: জোবাইদা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তারা গুলশানের ফিরোজা ভবনে পৌঁছান। এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বিশেষত তারেক রহমানের দেশে ফিরে আসার আশার কথা শুনে।

খালেদা জিয়া ফিরোজায় পৌঁছানোর পর তার ব্যক্তিগত চিকিৎসক ও সফরসঙ্গী বিএনপি নেতা ডা: এ জেড এম জাহিদ হোসেন কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ‘কাতার সরকার শুধু এয়ার অ্যাম্বুলেন্সই দেয়নি, বরং বিমানের খরচ, ওষুধ এবং চিকিৎসা সেবার সবকিছু নিশ্চিত করেছে। এই সহায়তার জন্য খালেদা জিয়া কাতার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।’

ডা: জাহিদ হোসেন বলেন, ‘কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য সবকিছু নিশ্চিত করেছে, এবং এই মানবিক সহায়তা দেশনেত্রীর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

তারেক রহমানের দেশে ফেরার আশাবাদ

তারেক রহমানের দেশে ফিরবেন কবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারেন।’

তিনি আরো বলেন, ‘যিনি বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছিলেন, তিনিই আজ পালিয়ে বেড়াচ্ছেন। পক্ষান্তরে বেগম জিয়াই আজ এখানেই আছেন, জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত।’

জোবাইদা রহমান কতদিন দেশে আছেন এবং রাজনীতিতে তার প্রভাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘১৭ বছর পর তিনি এসেছেন। এটা কেবল শুরু না। তারা তাদের দেশে আসবেন এটাই নরমাল। তার স্বামী-সন্তান এখনো বিদেশে। তিনি এখন দেশনেত্রীর সাথে এসেছেন। আবার ফেরত যাবেন। সেখানে সব গুছিয়ে আবার সময়মতো চলে আসবেন।’

সরকারি সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা

বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে সহায়তা করেছে।

ডা: জাহিদ হোসেন বলেন, ‘যেসব সংস্থা মানবিক অবস্থান থেকে সহযোগিতা করেছে, তাদের প্রতি আমাদের ধন্যবাদ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com