• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

মমতাজের সাত দিন রিমান্ড আবেদন পুলিশের

প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:৫৬
আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:৫৬

মমতাজের সাত দিন রিমান্ড আবেদন পুলিশের

জনতার আওয়াজ ডেস্ক
হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মঙ্গলবার এই রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল সোমবার রাতে মমতাজকে গ্রেপ্তার করে।

ডিএমপির এক বার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গতকাল রাতে বলেছিলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।