• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

তিন দাবিতে যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীরা

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫ ২:১৪
আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫ ২:১৪

তিন দাবিতে যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি

আবাসন ভাতা, প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ তিন দাবিতে যমুনা অভিমুখে লংমার্চ শুরু করেছে জবি শিক্ষার্থীরা।

পূর্বের ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে যমুনা অভিমুখে মিছিল বের হয়।

আবাসন সংকট সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে জবি শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (১৩ই মে) ইউজিসিতে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা ইউজিসির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। কিন্তু বৈঠকে আশানুরূপ কোন ঘোষণা না আসায় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জবি ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মামুন বলেন, বৈষম্যহীন দেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে জুলাই বিপ্লব করেছি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো বৈষম্য বিদ্যমান। আমরা আজ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় করেই ছাড়ব।

শিক্ষার্থীদের তিন দফা দাবি –

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা।

২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করা।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।