• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পররাষ্ট্র সচিব পরিবর্তন করছে সরকার

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫ ১২:০৫
আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫ ১২:০৫

পররাষ্ট্র সচিব পরিবর্তন করছে সরকার

জনতার আওয়াজ ডেস্ক
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের ২৭তম পররাষ্ট্র সচিব জসীমকে দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় সরিয়ে দেওয়া হচ্ছে। শিগগিরই তাকে বিদায় জানানো হবে। অন্যদিকে তার উত্তরসূরি কে হবেন তা নিয়েও নানা আলোচনা চলছে। নতুন সচিব হিসেবে পেশাদার কূটনীতিকদের অনেকের নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে কারও সামারি বা সারসংক্ষেপ যাওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন সরকার গঠনের মাসখানেকের মাথায় তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হয় তৎকালীন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে।

সরকারের গুরুত্বপূর্ণ বিদেশ মন্ত্রণালয়ের সচিব পরিবর্তন নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকে নানা গুঞ্জন শোনা যায়। পরবর্তী সময়ে এই গুঞ্জনে নানা ঢালপালা যুক্ত হতে থাকে। তবে সরকার যে জসীম উদ্দিনকে আর পররাষ্ট্র সচিব রাখছে না, সেটি সরকারের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব হিসেবে আর না রাখার নীতিগত সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে হয়ে গেছে। এখন শুধুই বিদায়ের আনুষ্ঠানিকতা বাকি। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে জার্মানির বার্লিনে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি দেশে ফিরলে আগামী সপ্তাহে হয়তো বর্তমান পররাষ্ট্র সচিবকে বিদায় জানানো হতে পারে।

সরকারের নীতির জন্য গুরুত্বপূর্ণ সচিব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। এটি শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, কূটনৈতিক অঙ্গনসহ বিদেশি ইস্যুতে খোঁজ রাখেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।