জনতার আওয়াজ ডেস্ক
দ্রুততম সময়ে সাম্য হত্যার বিচার করতে হবে। পাশাপাশি নিরাপদ করতে হবে ক্যাম্পাস। এসব দাবি মানা না হলে রাজধানীসহ সারা দেশ অচল করে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (২০ মে) বিকালে ছাত্রদল নেতাকর্মীদের শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ চলাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
সমাবেশ থেকে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ দাবি করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
এর আগে বিকাল ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ অবরোধ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতারা এতে অংশ নেন
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

