• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোট নিয়ে দেশের মানুষ আর টালবাহানা দেখতে চায় না

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:৩০
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:৩০

ভোট নিয়ে দেশের মানুষ আর টালবাহানা দেখতে চায় না

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের জনগণ ভোট নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চায় না। তাদের চোখে আগামীর বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই গড়তে হবে। জনগণ তাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার বিকালে যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কোনো দিনই দেশ ও জনগণের স্বার্থে কারো সঙ্গে আপস করে না। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপিই রাজপথে অবিচল ছিল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজও বিএনপির আন্দোলন চলছে। জনগণ সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দল নেত্রী তাহমিনা আক্তার লিলি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।