• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ছুটিতে যাচ্ছেন জসীম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হচ্ছেন নজরুল ইসলাম

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:১৭
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫ ১১:১৭

ছুটিতে যাচ্ছেন জসীম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হচ্ছেন নজরুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে। আর বাংলাদেশের ২৮তম পররাষ্ট্রসচিবের দায়িত্ব পাচ্ছেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের এক কর্মকর্তা।

সরকারের নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। তিনি কয়েক মাস ছুটিতে থাকবেন। তার ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে, গত রোববার নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্র সচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাই জসীম উদ্দিন আর পররাষ্ট্র সচিব পদে থাকছেন না।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে গত ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। এর আগে, জসীম উদ্দিন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালে স্বাধীনতার পরে গত পাঁচ দশকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পদে নিয়োগের এক বছর কিংবা তার চেয়ে কম সময়ের মধ্যে কাউকে সরিয়ে দেওয়ার নজির রয়েছে মাত্র তিনটি। এর মধ্যে ১৯৭২ সালে পররাষ্ট্র সচিব সৈয়দ আনোয়ারুল করিমকে নিয়োগের ছয় মাসের মধ্যে সরিয়ে দেওয়া হয়।

এ ছাড়া, ১৯৮৯ সালে চার মাসের মাথায় এ কে এইচ মোরশেদকে সরানো হয় এবং ২০০১ সালে সৈয়দ মোয়াজ্জেম আলীকে পররাষ্ট্রস চিবের পদ থেকে পাঁচ মাসের মাথায় সরিয়ে দেওয়া হয়েছিল।