জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রয়োগ। সেটা করার সুযোগ দিন, মানুষ আপনাদের সম্মানের সঙ্গে স্মরণ করবে।
রবিবার (২৫ মে) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, একটি ভোটের অধিকারের সম্মান জানানো হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলেই উনিশ একাত্তরে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। আজ সেই একই ঘটনার পুনরাবৃত্তি হোক, আমরা সেটা চাই না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের কথা বলবেন? বিএনপি প্রথম সংস্কারের কথা বলছে। বিচারের কথা বলবেন? বিএনপির নেতা-কর্মীর চেয়ে কে বেশি নির্যাতনের শিকার হয়েছে? বিএনপি সবার আগে ফ্যাসিবাদের বিচার চায়। সুতরাং, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান হচ্ছে মানুষের ভোটের অধিকার প্রয়োগ। সেটা করার সুযোগ দিন, মানুষ আপনাদের সম্মানের সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ন্যাশনাল পিপলস পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

