• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডা. জুবাইদা ও জাইমা রহমানের কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৩:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ ৩:৪৫

ডা. জুবাইদা ও জাইমা রহমানের কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অভিযোগ করেছে যে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোন ফেসবুক একাউন্ট ছিল না এবং এখনও নেই।

বৃহস্পতিবার (৫ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক ও মিথ্যা ফেসবুক একাউন্ট খুলে অসত্য, বানোয়াট মন্তব্য পোষ্ট করছে। এছাড়াও এ আই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে অসাধু প্রতারকচক্র ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।

দলটির এই মুখপাত্র বলেন, ‘এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং জিয়া পরিবারকে হেয় করাই যার মূল লক্ষ্য।’ তিনি বলেন, ‘বিএনপি’র ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্যপূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে।’

তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ‘গর্হিত’ ও ‘গুরুতর অপরাধ’ বলে উল্লেখ করে বলেন, ‘সৌজন্যবোধসম্পন্ন ও বিনয়ী ডাঃ জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুকসহ এ আই এর মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরী ও প্রচার করা শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ।’

এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।’

তিনি দাবি করেন, প্রযুক্তির অপব্যবহার করে সমাজে মিথ্যার সংস্কৃতি ছড়ানোর অপচেষ্টা করা হলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।

রিজভী স্পষ্টভাবে ঘোষণা করেন, আমি দৃঢ়কন্ঠে আপনাদের মাধ্যমে ঘোষনা করছি যে, ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোন ফেসবুক একাউন্ট ছিল না এবং এখনও নেই। সুতরাং তাঁদের নামে ফেসবুকে পোষ্ট করা কোন মন্তব্যে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা এম এ মালেক, আসাদুল করীম শাহিন সাঈদ হোসেন প্রমুখ।