জনতার আওয়াজ ডেস্ক
ঈদের আনন্দে বিশেষ মাত্রা যোগ করে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভ্যাস। সেই কারণেই প্রতি বছর ঈদ উপলক্ষে সিনেমা মুক্তির হিড়িক পড়ে নির্মাতাদের মধ্যে। এবারের ঈদুল আজহাও তার ব্যতিক্রম নয়। আসছে ছয়টি নতুন সিনেমা।
চলুন জেনে নেওয়া যাক, কোন সিনেমাটি কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে—
তাণ্ডব
শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি এবারের ঈদে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি দেশের মোট ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
শাকিব খানের মতে, এটি রাফীর ক্যারিয়ারের সেরা সিনেমা। রাফীও আশাবাদী, ‘তাণ্ডব’ এবারের ঈদে আসলেই দর্শকের মাঝে তাণ্ডব সৃষ্টি করবে।
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলা নূরের। শোনা যাচ্ছে, এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও সিয়াম আহমেদকে।
আলফা আই প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।
ইনসাফ
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ মুক্তি পাচ্ছে ১৬টি প্রেক্ষাগৃহে।
অ্যাকশনধর্মী এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মিশা সওদাগর। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস প্রযোজিত সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকমহলে আগ্রহ তৈরি হয়।
নীলচক্র: ব্লু গ্যাং
সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’ মুক্তি পাচ্ছে ছয়টি প্রেক্ষাগৃহে।
মিঠু খান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু।
উৎসব
তানিম নূর পরিচালিত পরিবারকেন্দ্রিক সিনেমা ‘উৎসব’ মুক্তি পাচ্ছে সাতটি প্রেক্ষাগৃহে।
‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই ট্যাগলাইন দিয়ে প্রচারণা চালানো হয়েছে সিনেমাটির। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম ও ইন্তেখাব দিনার।
এশা মার্ডার: কর্মফল
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি মুক্তি পাচ্ছে যমুনা ব্লকবাস্টারসহ ছয়টি প্রেক্ষাগৃহে।
সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ ও মিশা সওদাগর।
টগর
আলোক হাসান পরিচালিত রোমান্টিক সিনেমা ‘টগর’ মুক্তি পাচ্ছে সাতটি প্রেক্ষাগৃহে।
এতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরি। গান ও টিজার দিয়ে সিনেমাটির প্রচারণা ইতোমধ্যেই দর্শকের আগ্রহ বাড়িয়েছে।

