• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইউনূস-তারেক বৈঠক ‘অনাদিকাল পর্যন্ত’ গণতন্ত্রকে এগিয়ে নেবে : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ৪:০৭
আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ৪:০৭

ইউনূস-তারেক বৈঠক ‘অনাদিকাল পর্যন্ত’ গণতন্ত্রকে এগিয়ে নেবে : রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আসন্ন বৈঠকটি ‘অনাদিকাল পর্যন্ত’ দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বৈঠককে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে এ বৈঠক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সে বিষয়টি আড়াল করতেই তারেক রহমান ও মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনে থাকা সম্পত্তি জব্দের বিষয়টি সামনে এনে বলেন, নিজেদের অপকর্ম আড়াল করার জন্যই বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। তিনি পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারীদের বিচারের দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দফতর সম্পাদক তরিকুল ইসলাম তেনজিং ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।