বিনোদন ডেস্ক
ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই। কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ।
শনিবার (২২ জুন) রাতে নিজের ফেসবুক পেজে সুখবরটি জানান এই অভিনেত্রী। পোস্টে তিনি লিখেছেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বিয়ের এক বছরের মাথায় মা হওয়ার খবর জানান স্বাগতা নিজেই। এরপর দুই পরিবারের সবাই আনন্দিত ছিল বলেও তখন জানান অভিনেত্রী।
শুরুতে তিনি দেশের একটি হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও স্বাভাবিক প্রসবের সম্ভাবনা কম থাকায় পরে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখানে এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন স্বাগতা। সেখানে গিয়ে স্বাগতা বলেছিলেন, ‘আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি, কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।
২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা ও পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

