• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রতীক হিসেবে নৌকা থাকবে, অন্তর্ভুক্ত হবে না শাপলা

প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৪৭
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৪৭

প্রতীক হিসেবে নৌকা থাকবে, অন্তর্ভুক্ত হবে না শাপলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনই নৌকা বাদ দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সেইসাথে এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তপশিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেয়ার সুযোগ নেই।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তপশিলে এ প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।

এর আগে আজ এনসিপির প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানায়।

প্রতিনিধিদলে ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।