স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘটেছে বিরল এক ঘটনা। বৃষ্টির কারণে ম্যাচ চলাকালে বদলে গেছে ভেন্যু। মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ও ভুটানের মধ্যকার খেলায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
সকালে টানা বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে। যদিও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়, তবে মাঠের অবস্থা দ্রুতই খারাপের দিকে যেতে থাকে। ফলে বিরতির পর আর দ্বিতীয়ার্ধ শুরু করা সম্ভব হয়নি।
এর আগে প্রথমার্ধে স্বাগতিক বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ষষ্ঠ মিনিটে শান্তি মার্ডি গোল করেন। তৃষ্ণা রানীর নেওয়া শট ভুটানের গোলরক্ষক ঠেকাতে পারলেও বলটি ঠিকমতো দখলে নিতে না পারায় ফিরতি শটে জালে পাঠান শান্তি।
বৃষ্টির কারণে কাদা-পানিতে ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছিলেন খেলোয়াড়রা। বল শট নেওয়ার পরও থেমে যাচ্ছিল কাদায়। এমন অবস্থায় ম্যাচ কমিশনার আনসার আসিফ দুই দফা মাঠ পরিদর্শন করেন এবং মাঠকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
অবশেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধান্ত হয়, দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার পাশের অনুশীলন মাঠে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হবে।













