• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ইজারা উত্তোলন নিয়ে যুবদল-ছাত্রদলের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১:৫৯
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১:৫৯

ইজারা উত্তোলন নিয়ে যুবদল-ছাত্রদলের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ

শরীয়তপুর প্রতিনিধি
ফাইল ছবি:সংগৃহীত
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা উত্তোলন নিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি বন্ধ হয়ে পড়ে। এতে ঘাটে আটকে আছে দেড় শতাধিক যানবাহন। দীর্ঘ সময় পারাপার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

জানা গেছে, নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার এবং সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে।

শুক্রবার সকালে একটি পক্ষ ঘাটে ইজারার টাকা উত্তোলন করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘাট এলাকায় নৌ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ইজারা উত্তোলন নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। আজ সকালে সেই বিরোধ আবারও সংঘর্ষের পর্যায়ে পৌঁছায়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। ফলে ঘাটে আটকে পড়েছে দেড় শতাধিক গাড়ি।’

তিনি আরও জানান, ইজারার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল সম্ভব নয়।

ফেরিঘাটে আটকে থাকা চালক ও যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।