• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

হতাহত ও নিখোঁজদের তালিকা তৈরির জন্য কমিটি গঠন করেছে মাইলস্টোন কলেজ

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৩:৪৪
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৩:৪৪

হতাহত ও নিখোঁজদের তালিকা তৈরির জন্য কমিটি গঠন করেছে মাইলস্টোন কলেজ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীসহ অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এই কমিটি গঠন করে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১২ মিনিটের সময় আকস্মিকভাবে বিমানবাহিনীর একটি বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলে অনেক শিশু শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক আহত ও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো। কমিটি কার্য সম্পন্ন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে।

কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। কমিটির সদস্য হিসেবে আছেন মো. মাসুদ আলম (উপাধ্যক্ষ-প্রশাসন), খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), লুৎফুন্নেসা লোপা (কো-অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) ও মো. তাসনিম ভূঁইয়া (শিক্ষার্থী)।

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৫ জন। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।