জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নতুন করে জঙ্গি নাটক মঞ্চায়ন বন্ধ করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।
বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের অন্য ৭টি দাবি হচ্ছে— সব কারাভ্যন্তরে মসজিদ নির্মাণ করার ব্যবস্থা করা; বন্দিদেরকে মাসে কমপক্ষে দুই বার তাদের স্ত্রীদের সাথে একান্তে সাক্ষাতের বিশেষ ব্যবস্থা করা; কারাগারে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে বন্দিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা; জামিন পরবর্তী মুক্তিতে বাধা প্রদান বন্ধ করতে হবে; বন্দিদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা; ফারাবীসহ সকল মাযলুমদের মুক্তি দিতে হবে এবং বিশ বছরের অধিক সাজা প্রাপ্তদের খালাসের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাসিনা সরকারের আমলে যারা জঙ্গি সাজানো নাটক করেছে, তারা এখনো প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছে। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান— এই সাজানো জঙ্গি মামলাগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদ্রিস নদভী, আল্লামা মুফতি জসিম উদ্দিন রহমানি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম হাফিজুল্লাহ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক তালুকদার প্রমুখ।

